SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

চীনের আকাশটাই শুধু খোলা

Mar-30, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

ঢাকা: 

 

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র চীনের প্লেন চলাচল চালু রয়েছে।

সোমবার (৩০ মার্চ)  থেকে বাংলাদেশ ও চীনে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। 

যদিও রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ও চীনে তিনটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রী সংকটে চায়না ইস্টার্ন সোমবার থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে সোমবার থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের আকাশে উড়বে। 

ঢাকা-গুয়াংজু রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহের প্রতি রোববার ফ্লাইট পরিচালনা করবে। যদিও পূর্বে এয়ারলাইন্সটি এ রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করেছে।

এছাড়া ঢাকা-গুয়াংজু রুটে চায়না সাউদার্ন প্রতি বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চালাবে।

প্রথমদিকে ১০টি দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ রাখার পর শুধু থাইল্যান্ড, চীন, হংকং ও যুক্তরাজ্যের সঙ্গে প্লেন চলাচল সচল রাখে বাংলাদেশ। পরে হংকং ও থাইল্যান্ড রুটে চলাচলকারী থাই এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিক যাত্রী সংকটে ফ্লাইট কার্যক্রম স্থগিত রেখেছে। শেষে ছিল কেবল যুক্তরাজ্য ও চীন। এরই মধ্যে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে রোববার (২৯ মার্চ) থেকে চীন ছাড়া আর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্লেন চলাচল নেই। 

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২১ মার্চ রাত ১২টা থেকে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং বাদে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, সোমবার (৩০ মার্চ) থেকে শুধু বাংলাদেশ থেকে চীনের সঙ্গে প্লেন চলাচল চালু রয়েছে। এ রুটে বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। 

Related Post